ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন আমাদের দেশের হাজারো শিক্ষার্থী। কিন্তু এই স্বপ্নের পথে সবচেয়ে বড় একটি বাধা বা ফিল্টার হিসেবে কাজ করে IELTS। আপনারা অনেকেই ভাবেন আইইএলটিএস কি আসলেই খুব জরুরি? আইইএলটিএস ছাড়া কি বিদেশ যাওয়া সম্ভব? কিংবা স্পিকিং-এ জড়তা কাটাব কীভাবে?
আজকের ব্লগে আমি আলোচনা করব ইউরোপের স্বপ্ন পূরণে আইইএলটিএস-এর গুরুত্ব এবং বিশেষ করে IELTS স্পিকিং টেস্টে ভালো করার প্র্যাকটিক্যাল টিপস।
কেন ইউরোপে পড়তে যেতে IELTS-এর গুরুত্ব অপরিসীম?
ইউরোপের অধিকাংশ দেশ যেমন—জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস বা সুইডেনে এখন প্রচুর কোর্স ইংরেজিতে পড়ানো হয়। আপনার মেধা যতই থাকুক না কেন, আপনার ইংরেজির দক্ষতা প্রমাণ করতে না পারলে ভিসা বা অ্যাডমিশন পাওয়া প্রায় অসম্ভব।
ভিসার নিশ্চয়তা: অনেক সময় ইউনিভার্সিটি রিল্যাক্সেশন দিলেও এমব্যাসি থেকে আইইএলটিএস স্কোর দেখতে চায়। অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া ভর্তি হওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে MOI অর্থাৎ আপনি দেশের যে প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন বা ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন সেখানে পড়ানোর মূল মাধ্যম ছিল ইংরেজি, এই বিষয়টির প্রমাণ দেখাতে হয়। কিন্তু আপনাদের মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে বা অফার লেটার পেলে আপনি যে ভিসা পাবেন, সেটার কোন নিশ্চয়তা নেই। দুটি সম্পুর্ন আলাদা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে IELTS লাগবেই।
স্কলারশিপের সুযোগ: ভালো ব্যান্ড স্কোর (৬.৫ বা তার বেশি) আপনার ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS এর ব্যান্ড স্কোর কম চাইলেও স্কলারশিপ পেতে হলে একাডেমিক রেজাল্টের সাথে ভালো IELTS -স্কোর ও গুরুত্বপূর্ণ।
পার্ট-টাইম জব: ইউরোপে পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাইলে ইংরেজি বলায় সাবলীলতা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। ইতালি, ফ্রান্স, সুইডেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ডের মত দেশগুলোতে শুধু ইংরেজিই নয় সাথে স্থানীয় ভাষা শেখাটাও দরকারি।
এবার আসি আজকের মূল বিষয়ে। কীভাবে IELTS এর স্পিকিং সেকশনে Fluently উত্তর দিয়ে ৬.৫+ স্কোর করতে পারি। আমরা সবাই চাই ইংরেজিতে দ্রুত ও শুদ্ধভাবে কথা বলতে। এর জন্য রয়েছে কিছু সহজ পদ্ধতি, তবে এর জন্য প্রয়োজন ধৈর্য ও নিষ্ঠা। কারণ আপনি দৈনন্দিন জীবনের ব্যবহার্য সব ইংরেজি শব্দই জানেন। শুধু জানেন না কীভাবে সেগুলোকে ব্যবহার করতে হয়, কথা বলতে গেলে শব্দ খুজে পাই না, মনের মধ্যে ভাবছি যেটা সেটাকে বাক্যে পরিনত করতে পারছি না। IELTS স্পিকিং টেস্টে ভালো করার টিপস গুলো আপনাদের সেই সমস্যার সমাধান দিতে পারবে বলে মনে করি।
স্টুডেন্ট ভিসা প্রসেস: ধাপ থেকে সাফল্যের চূড়া – A to Z গাইড
স্পিকিং সেকশনে ভালো করার ম্যাজিক টিপস
১. শ্যাডোয়িং (Shadowing) প্র্যাকটিস করুন
এটি অনেক স্পিকিং ইন্সট্রাক্টরের ব্যক্তিগত ফেভারিট। কোনো একজন নেটিভ স্পিকারের কথা শুনুন এবং ঠিক তার সাথে সাথেই (বা এক সেকেন্ড পিছিয়ে) সে যেভাবে বলছে, সেভাবেই বলার চেষ্টা করুন। এতে আপনার উচ্চারণ (Pronunciation) এবং বাচনভঙ্গি উন্নত হবে। এজন্য আপনি আপনার পছন্দের কোন বিষয়ের ইংরেজি পডকাস্ট শুনুন। ইউটিউবে IELTS স্পিকিং এর মক ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখুন ও প্র্যাকটিস করুন।
২. মুখস্থ করার অভ্যাস ছাড়ুন
মক টেস্টের উত্তরগুলো হুবহু মুখস্থ করবেন না। এক্সামিনাররা খুব অভিজ্ঞ, তারা সহজেই ধরে ফেলেন আপনি মুখস্থ বলছেন নাকি নিজের থেকে। সবসময় নিজের শব্দে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এতে ভুল হলেও তা ন্যাচারাল শোনায়। মুখস্থ উত্তর দেওয়াকে Cheating হিসেবে ধরা হয়। মনে রাখবেন, IELTS কোন একাডেমিক পরীক্ষা নয়। আপনি ইংরেজি ভাষায় দৈনন্দিন জীবনের কথোপকথন করতে কতয়ুকু পারদর্শী সেটা যাচাই করাই এই টেস্টের উদ্দেশ্য।
৩. ফ্লুয়েন্সি বনাম ভোকাবুলারি
খুবই ইউনিক বা হাই-লেভেল শব্দ ব্যবহার করতে গিয়ে যদি আপনি বারবার আটকে যান, তবে আপনার স্কোর কমে যাবে। তার চেয়ে সহজ শব্দ ব্যবহার করে একটানা এবং পরিষ্কারভাবে কথা বলা অনেক বেশি কার্যকর। আমাদের প্রতিদিনকার জীবনে আমরা খুব কঠিন শব্দ কি ব্যবহার করি? করি না। আমরা যেটা করি তাহলো নিজের ভাবনাকে গুছিয়ে উপস্থাপন করতে চায়। ভালো কমিউনিকেশনের মুলমন্ত্র এটাই। কঠিন শব্দ ব্যবহার না করে আপনার শব্দভান্ডার থেকে শব্দ ব্যবহার করে উত্তর দেওয়ার চেষ্টা করুন, ভালো স্কোর নিশ্চিত।
৪. রেকর্ড করুন এবং শুনুন
প্রতিদিন যেকোনো একটি টপিক নিয়ে ২ মিনিট কথা বলুন এবং সেটি ফোনে রেকর্ড করুন। টপিক গুলো হতে পারে আপনার রুমের বিবরণ, বা সারাদিনে কোন ইন্টারেস্টিং কোন ঘটনা ঘটে থাকলে সেটাকে বর্ননা করা, আবার কোন বই পড়লে বা মুভি দেখলে সেটার ঘটনা বা বিষয়বস্তু নিয়ে ২ মিনিট কথা বলে আপনার ফোনে রেকর্ড করুন। নিজেই শুনুন—কোথায় আপনি বেশি “Umm…” বা “Uh…” করছেন বা একই লাইন দুইবার বলছেন কি না। এই সেলফ-অ্যানালাইসিস আপনার জড়তা দ্রুত কাটিয়ে তুলবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে বানান আপনার স্পিকিং পার্টনার
আপনার যদি প্র্যাকটিস করার মতো কোনো পার্টনার না থাকে, তবে Gemini বা ChatGPT হতে পারে আপনার সেরা বন্ধু।
লাইভ কনভারসেশন: এখন এআই চ্যাটবটগুলোর মোবাইল অ্যাপে ‘Voice Mode’ আছে। আপনি সরাসরি তাদের বলতে পারেন, “Can you act as an IELTS examiner and take a mock speaking test for me?” সে আপনাকে প্রশ্ন করবে এবং আপনি উত্তর দিতে পারবেন।
ভুল সংশোধন: আপনি কোনো একটি উত্তর দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করুন— “How can I improve this answer for a Band 8 level?” সে আপনার গ্রামার এবং শব্দচয়ন ঠিক করে দিবে।
নতুন আইডিয়া: কোনো টপিক (যেমন: Environment বা Technology) নিয়ে কী বলবেন বুঝতে না পারলে এআই থেকে আইডিয়া নিতে পারেন।
ইউরোপের পথে আপনার যাত্রা সহজ হোক। মনে রাখবেন, আইইএলটিএস কেবল একটি পরীক্ষা নয়, এটি বিদেশের মাটিতে আপনার আত্মবিশ্বাসের চাবিকাঠি।



